আসানসোল পৌর নিগমের মুখ্য প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করলেন অমরনাথ
দি নিউজ লায়ন ; মহা মিছিল করে আতশবাজি পুড়িয়ে আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অমরনাথ চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে আসানসোল পৌর নিগমে তিনি মুখ্য প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এদিন আসানসোল হটন রোড থেকে একটি মিছিল অমরবাবুকে সঙ্গে নিয়ে পৌরনিগম পর্যন্ত আসে। মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতো। দলীয় সমর্থকরা বিপুল পরিমাণে এসে ফুল ছুঁড়ে আতশবাজি পুড়িয়ে একে অন্যকে মিষ্টি খাইয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। মানুষের উচ্ছাসকে অমরনাথ বাবু বলেছেন ভালোবাসার আবেগ।
প্রসঙ্গত গত ১৫ ই অক্টোবর আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ড তৈরি হয়। পৌরনিগমের বোর্ডয়ের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তৈরি হয়েছিল প্রশাসক বোর্ড। সেই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জিতেন্দ্র তেওয়ারি। কিন্তু গত ১৭ ডিসেম্বর হঠাৎই ইস্তফা দেন জিতেন্দ্র তেওয়ারি। সেই ইস্তফা পত্র গৃহিত হয় ২১ ডিসেম্বর। তারপর থেকে চেয়ারম্যান পদটি ফাঁকা ছিল। সোমবার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হলেন অমরনাথ চট্টোপাধ্যায়।
মুখ্য প্রশাসকের দায়িত্ব নেওয়ার পরেই বোর্ডের অনান্য সদস্যদেএ সঙ্গে বৈঠক করেন তিনি। অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শহরকে সুন্দর করে গড়ে তোলায় তার লক্ষ্য। প্রতিটি ওয়ার্ড যেন সুন্দর হয়ে ওঠে। নর্দমা নিকাশি, সাফাই কাজ যেন ভালোভাবে হয়।
পানীয় জলের ব্যবস্থা যেন আরো সুষ্ঠুভাবে পরিচালিত হয়। পাশাপাশি স্ট্রিট লাইট থেকে শুরু করে অন্যান্য নাগরিক পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলবে। গত পৌরভোটে যে সমস্ত কাজ অসমাপ্ত রয়েছে সেই কাজগুলোকে দ্রুত সমাপ্ত করতে চান অমরনাথ বাবু।

Post a Comment